মহিষ জবাইকে কেন্দ্র করে মাগুরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
বৃহষ্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী নড়াইলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করেছে।
স্থানীয়রা জানিয়েছ্নে, কালিশংকরপুর গ্রামে মহিষ জবাই করে মাংস বিক্রি করার জন্য মসজিদের মাইকে ঘোষণা ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে একটি পক্ষ প্রতিবাদ জানালে তাদের মধ্যে বাকবিতন্ডা ও পরে সংঘর্ষ বাধে। এ সময় একে অপরের ওপর হামলা এবং বাড়ি ভাংচুর করে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কালিশংকরপুর গ্রামে মসজিদে মাইকে মহিষ জবাই করে মাংস বিক্রি করবে এমন ঘোষণা দেওয়া হয়। এতে মসজিদের মোয়াজ্জেন আইয়ুব হোসেন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম হোসেন মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদককে অকথ্য ভাষায় গালিগালাজ করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। ঘটনাস্থল থেকে সাব্বির (২৫) ও রিয়াজ হোসেন (২৫) নামে দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

