ট্রেনের ছাদে ভ্রমণ: ব্রিজে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

0
ট্রেনের ছাদে ভ্রমণ: ব্রিজে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনের ছাদে থাকা এক অজ্ঞাত যুবক ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গেছে, কুষ্টিয়া জেলার পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী শাটল ট্রেনটি কালিকাপুর রেলওয়ে ব্রিজ অতিক্রম করছিল। এ সময় ছাঁদে থাকা ওই যুবকের মাথা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আঘাত পান। পরে ট্রেনটি দুপুর ২টার ৩৯ মিনিটে কালুখালী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা মরদেহটি নামিয়ে ফেলেন।

কালুখালী রেলওয়ে স্টেশনে সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে আসার পর ছাদে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পাওয়া যায়। স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি নিচে নামানো হয়েছে। রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

কালুখালী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের একটি টিম কালুখালীতে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here