ঝিনাইদহে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক নিরাপত্তা জোরদারে হাইওয়ে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার হাটগোপালপুর বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। আরাপপুর হাইওয়ে পুলিশের সদস্যরা এ সময় মহাসড়কে চলাচলকারী চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে নিরাপদ যাত্রা বিষয়ে বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন।
লিফলেট বিতরণের সময় চালকদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার, ওভারটেকিংয়ে সতর্কতা অবলম্বন, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন সড়কে না নামানোর জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।
হাইওয়ে পুলিশের এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

