রমজান মাসের শেষের দিকে অনেকের শরীরে ক্লান্তি ও পানিশূন্যতা দেখা দিতে পারে। সারাদিন রোজা রাখার পর শরীরকে সতেজ রাখতে প্রয়োজন হালকা ও পুষ্টিকর খাবার। এ সময় ইফতার বা রাতের খাবারে গরম সবজি স্যুপ হতে পারে দারুণ একটি বিকল্প। এতে বিভিন্ন সবজির পুষ্টিগুণ পাওয়া যায় এবং এটি সহজেই হজম হয়। খুব কম উপকরণেই ঘরে তৈরি করা যায় সুস্বাদু মিক্সড ভেজিটেবল স্যুপ।
উপকরণ
১. টমেটো, গাজর, সবুজ মটর ও বিনস—মোট ৩ কাপ
২. লবণ—স্বাদমতো
৩. জিরা গুঁড়া—আধা চা-চামচ
৪. গোলমরিচ গুঁড়া—আধা চা-চামচ
৫. তেল—১ চা-চামচ
৬. পানি—২ কাপ
৭. ধনেপাতা কুচি—পরিমাণমতো
৮. কারি পাতা—কয়েকটি
প্রস্তুত প্রণালি
প্রথমে টমেটো, গাজর, সবুজ মটর ও বিনস ছোট ছোট করে কেটে নিন। এরপর একটি প্রেসার কুকারে সব সবজি দিয়ে তাতে দুই কাপ পানি যোগ করে ঢেকে ভালোভাবে সিদ্ধ করুন।
সবজি সিদ্ধ হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। তারপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে মসৃণ মিশ্রণ তৈরি করুন।
এবার একটি প্যানে এক চা-চামচ তেল গরম করে এতে কারি পাতা দিন। এরপর স্যুপের মিশ্রণ ঢেলে দিন। স্বাদমতো লবণ, জিরা গুঁড়া ও গোলমরিচ গুঁড়া দিয়ে কয়েক মিনিট নেড়ে নিন। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।
ব্যস, তৈরি হয়ে গেল পুষ্টিকর মিক্সড ভেজিটেবল স্যুপ। গরম গরম পরিবেশন করুন ইফতারের টেবিলে।

