ঈদযাত্রা উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা থেকে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি বুধবার দুপুরে ভাঙ্গা স্টেশনে অবস্থানকালে দেখা যায়, ট্রেনের প্রতিটি বগিতে কোনো আসন খালি নেই।
অনেক যাত্রী আসন না পেয়ে দাঁড়িয়ে যাত্রা করছেন। কেউ কেউ ট্রেনের ছাদে উঠছেন, আবার কেউ একে অপরকে হাত ধরে টেনে ছাদে তুলছেন। ভাঙ্গা থেকে ওঠা অনেক যাত্রী আসন না পেয়ে দাঁড়িয়ে যেতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ ট্রেনের সামনের ইঞ্জিনের দুই পাশের রেলিংয়ে বসে বা দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণভাবে যাত্রা করছেন।
ঢাকা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা কমিউটার ট্রেনটি ভাঙ্গায় পৌঁছায় প্রায় ৩০ মিনিট বিলম্বে, দুপুর ১টা ৪০ মিনিটে। ট্রেনটির গন্তব্য খুলনা।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ট্রেনের ভাড়া বাড়েনি, তবে যাত্রীচাপ অনেক বেশি।
ইঞ্জিন কভারের রেলিংয়ে দাঁড়িয়ে থাকা যাত্রী সোহেল দেওয়ান (৫৫) বলেন, ‘ট্রেনে আসন না পেয়ে ইঞ্জিনের রেলিংয়ে দাঁড়িয়ে যাচ্ছি। বাড়ি যেতে হবে, তাই কষ্ট সহ্য করছি।’
ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রনি ব্যাপারী বলেন, ‘ঈদ উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। কোনো বগিতেই আসন খালি নেই। এরপরও ভাঙ্গা থেকে প্রচুর যাত্রী উঠছেন। আজ যাত্রীসংখ্যা বেশি হওয়ায় ভিড়ও বেশি।

