ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটের মধ্যকার চলমান সংঘাতকে ‘অর্থহীন ও বেআইনি’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
আঙ্কারায় প্রেসিডেন্ট কমপ্লেক্সে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরিচালিত সব ধরনের হামলার নিন্দা জানিয়ে এরদোয়ান বলেন, এই সংঘাত যেন পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে সে লক্ষ্যে কাজ করছে তুরস্ক। বর্তমান এই সংকটময় পরিস্থিতিকে ধৈর্য ও বিচক্ষণতার সাথে মোকাবিলা করার পাশাপাশি দেশের অর্থনীতি ও নাগরিকদের সুরক্ষায় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রেসিডেন্ট এরদোয়ান দুঃখ প্রকাশ করে বলেন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন হামলা এবং গত ১০ অক্টোবরের যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে এ বছর অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে রমজান পালন করতে হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি সরকারের প্ররোচনায় ইরানের বিরুদ্ধে শুরু হওয়া বিমান হামলা পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলেছে।
তুরস্কের আকাশসীমা ও নিরাপত্তা নিশ্চিতে ন্যাটো মিত্রদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতাসহ অনেক ঊর্ধ্বতন সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন। তেহরানও পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েলসহ জর্ডান ও ইরাকের মার্কিন লক্ষ্যবস্তুতে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্ববাজার ও বিমান চলাচলেও। একই সাথে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তীব্র সামরিক অভিযান চলায় দেশটিতে ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে যা আঞ্চলিক অস্থিরতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে।
সূত্র: আনাদোলু

