বিদ্যালয়ের লিজকৃত জমিতে পুরনো গাছ কাটায় ক্ষোভ

0

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার একটি বিদ্যালয়ের লিজকৃত জমিতে পুরনো গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন।

ঘটনাটি টংগিবাড়ী উপজেলা-এর যশলং ইউনিয়নের পুরাপাড়া এলাকায় অবস্থিত পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের লিজ নেওয়া জমিতে প্রায় ৫০ বছরের পুরনো ৩৫ থেকে ৫০টি গাছ কেটে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই হঠাৎ করে এসব গাছ কাটা হয়েছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে বসতঘরের ক্ষতির আশঙ্কা বেড়েছে।

জানা গেছে, বিদ্যালয়ের লিজকৃত প্রায় ৮ একর জমির পাঁচটি পুকুরে মাছ চাষ করা হচ্ছে। আশপাশে দীর্ঘদিন ধরে বসবাসকারী ৩০ থেকে ৪০টি পরিবারের জন্য গাছগুলো প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করত।

ভুক্তভোগীরা জানান, গাছগুলো ঝড়-বৃষ্টি থেকে তাদের ঘরবাড়ি রক্ষা করত। হঠাৎ করে সব গাছ কেটে ফেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে বড় ধরনের ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া গাছের শিকড় উপড়ে ফেলার কারণে পাশের সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার সময় বাধা দিলে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটা দেখতে পেয়েছেন। কারা জড়িত তা এখনো নিশ্চিত নয়, তবে তদন্ত চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, সহকারী কমিশনার (ভূমি)কে দিয়ে তদন্ত করানো হচ্ছে এবং সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়াও চলছে।

এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here