সিডনির মিন্টোতে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টার ‘জামিদার বাড়ি’র উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আন্তরিক ও প্রাণবন্ত ইফতার ও রাতের খাবারের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির পারিবারিক আত্মীয়-স্বজন, কমিউনিটির বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পারিবারিক আত্মীয়-স্বজন, কমিউনিটির বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের একত্রিত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটানোর সুযোগ করে দেওয়া।
অনুষ্ঠানে পরিবেশিত হয় নানা ধরনের মুখরোচক ইফতার সামগ্রী ও সুস্বাদু রাতের খাবার। ইফতারের পর পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে হাসি-আনন্দ, গল্পগুজব ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনে। উপস্থিত অতিথিরা এমন একটি সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন।
আয়োজক প্রতিষ্ঠান ‘জামিদার বাড়ি’র পক্ষ থেকে নুরুল ইসলাম শাহীন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমাদের যে সুযোগ দিয়েছেন আপনাদের আতিথেয়তা করার, সেটি আমাদের জন্য গর্বের বিষয়। এই ধরনের সামাজিক আয়োজন সিডনির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে আন্তরিকতা ও একতার বন্ধন আরও দৃঢ় করবে।
প্রবাসের মাটিতে এমন মিলনমেলা শুধু ইফতার আয়োজনেই সীমাবদ্ধ নয়, বরং এটি হয়ে উঠেছে কমিউনিটির বন্ধন দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম—এমনটাই মনে করছেন অংশগ্রহণকারীরা।

