কারামুক্ত হয়ে বাড়ি ফেরার পথে কুপিয়ে জখম, ভাঙ্গায় বাড়ি ভাঙচুর

0
কারামুক্ত হয়ে বাড়ি ফেরার পথে কুপিয়ে জখম, ভাঙ্গায় বাড়ি ভাঙচুর

কারাগার থেকে জামিনে বের হয়ে বাড়ি ফেরার পথে মহসিন মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। পরে এ ঘটনার জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

গতকাল সোমবার রাতে ফরিদপুর শহরে ও ভাঙ্গার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহসিন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের রাজির মোল্লার ছেলে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। মহসিন রব মোল্লা পক্ষের সমর্থক হিসেবে পরিচিত, আর তাদের প্রতিপক্ষ বুলু মোল্লা গ্রুপের সঙ্গে এই দ্বন্দ্ব দীর্ঘদিনের।

মহসিন দীর্ঘদিন কারাগারে ছিলেন। গতকাল সোমবার আদালত থেকে জামিনে মুক্তি পান। সন্ধ্যায় কারাগার থেকে বের হয়ে বাসে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। ফরিদপুর শহরে তিনি পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। কুপিয়ে গুরুতর জখম করে তাকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মহসিনের ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়লে রাতে তারাবির নামাজ শেষে চরকান্দা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় রব মোল্লার সমর্থকরা বুলু মোল্লার সমর্থকদের চারটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। হামলায় নারীসহ অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক মো. সেলিম বলেন, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার খবর পেয়ে কোতয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে গিয়ে ওই ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছে। জানা গেছে ঘটনার মূল উৎস ভাঙ্গার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রাম।

এদিকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here