সিডনিতে বার্ষিক ইফতার ও ডিনার অনুষ্ঠিত

0
সিডনিতে বার্ষিক ইফতার ও ডিনার অনুষ্ঠিত

রমজান উপলক্ষে সিডনির ডেনহাম কোর্ট ইসলামিক কমিউনিটির আয়োজনে ডেনহাম কোর্ট পাবলিক স্কুল হলরুমে বার্ষিক কমিউনিটি ইফতার ও ডিনার অনুষ্ঠিত হয়। শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

বিকেল ৫টা ৩০ মিনিটে অতিথিদের জন্য হলের দরজা খুলে দেওয়া হয় এবং আগত অতিথিদের মধ্যে ইফতার প্যাক বিতরণ করা হয়। সন্ধ্যা ৬টায় মূল কার্যক্রমের অংশ হিসেবে জাকাত বিষয়ক একটি সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ন্যাশনাল জাকাত ফাউন্ডেশন অব অস্ট্রেলিয়ার ইসলামী স্কলার শায়খ ইসমাইল ডেভিড রমজানে জাকাতের গুরুত্ব, সঠিক হিসাব ও বণ্টন পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

সন্ধ্যা ৬টা ৩০মিনিটে আনুষ্ঠানিক মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডেনহাম কোর্ট ইসলামিক কমিউনিটি (ডিসিআইসি)-এর সেক্রেটারি ও অনুষ্ঠানের সঞ্চালক শওকত আহমেদ। রমজানে উত্তম চরিত্র গঠনের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন হাফেজ মাওলানা মো: ফখরুল ইসলাম।

সংগঠনের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আপডেট তুলে ধরেন ডিসিআইসি এর সভাপতি মোঃ রাশেদুল এইচ ভূইয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, ডেনহাম কোর্ট পাবলিক স্কুলের প্রিন্সিপাল মিস আনা বাটলার এবং স্থানীয় এমপি নাথান হ্যাগার্টি এমপি।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন বিদেশ থেকে আগত শায়খ আবদুল সালাম। পরে উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: ফখরুল ইসলাম। সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মাগরিবের আজানের পর সবাই একসঙ্গে ইফতার করেন। নামাজের পর অতিথিদের জন্য ডিনার ও সৌহার্দ্যপূর্ণ নেটওয়ার্কিং এর আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, এই ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো মুসলিম ও অমুসলিম সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করা। অনুষ্ঠান শেষে আয়োজকরা উপস্থিত অতিথি, সম্মানিত বক্তা এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কমিউনিটি উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here