বন্দুকধারী ডাকাতদের হামলায় নাইজেরিয়ার মধ্যাঞ্চলের একটি গ্রামে অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলাকারীরা গবাদি পশুও লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় একটি উন্নয়ন সংস্থা।
নাইজেরিয়ায় যেসব সশস্ত্র গোষ্ঠীকে ‘ডাকাত’ বলে উল্লেখ করে গ্রামবাসীরা, তারা প্রায়ই গ্রামগুলোতে হামলা চালিয়ে গণহত্যা, অপহরণ এবং মুক্তিপণের জন্য লুটপাট করে থাকে। কানাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (কেএডিএ) এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার দেশের মধ্যাঞ্চলীয় প্লাতু রাজ্যে এই হামলার ঘটনা ঘটে। নিয়মিত টহলরত সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা।
সংস্থাটি জানায়, ১২ জন নিরাপত্তা সদস্য নিহত হন গোলাগুলির সময়। এসময় আরও ৮ জন গ্রামবাসীও প্রাণ হারান। এরপর বন্দুকধারীরা কাছের একটি গ্রামে ঢুকে গবাদি পশুসহ বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে যায়। কেএডিএ বলেছে, এই হামলা ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ গ্রামীণ জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। এ অঞ্চলের গ্রামগুলো বারবার হামলা ও অপহরণের শিকার হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে। সূত্র: এএফপি

