এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক মোবারক আজাদের দুটি নতুন সৃষ্টি। গল্পগ্রন্থ ‘জিডিতে লেখা প্রেম’ ও কাব্যগ্রন্থ ‘নীরব আলো’ বই দুটো পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান অংশে টাঙ্গন প্রকাশের ৫১৮ নম্বর স্টলে।
‘জিডিতে লেখা প্রেম’ গল্পগ্রন্থে ১৫টি ভিন্ন স্বাদের গল্পের মাধ্যমে উঠে এসেছে জীবনের বহুমাত্রিক রূপ। বইটিতে শহরের অন্ধকার গলি থেকে গ্রামের নিঃশব্দ বিকেল, মফস্বলের চাপা কান্না থেকে মানুষের গোপন অপরাধ, সমাজের মুখোশ থেকে জীবনের অজানা বাঁক সব মিলিয়ে ভিন্ন ভিন্ন স্বাদের গল্প রয়েছে। যেখানে আছে ক্রাইম, আছে সমাজের কঠিন বাস্তবতার কথা। ভালোবাসার আলো আছে, আবার নৈতিকতার সীমা ভাঙা সম্পর্কের ঝড়ও আছে। মানুষের ভেতরের লড়াই, স্বপ্ন, পতন আর পুনর্জন্ম-সবকিছু ধরার চেষ্টা করা হয়েছে এই বইয়ে।
অন্যদিকে, ‘নীরব আলো’ কাব্যগ্রন্থটি এক অসাধারণ মানবিক যাত্রা। এতে রয়েছে নিয়ন আলোর নীলচে অন্ধকারে দাঁড়িয়ে থাকা মেয়েটি। যাকে সমাজ নাম ধরে ডাকে না, ডাকে পেশা ধরে। ভাঙা এক মানুষের জীবনে সে এসেছিল আশ্রয় হয়ে, আলো হয়ে। এ গল্প প্রচলিত ভালোবাসার নয়, এ গল্প মানবিকতার। যে অন্ধকারের মানুষ বলে চিহ্নিত, সেই মানুষটিই চিনিয়ে দেয় ভেতরের আলো। এটি এমন এক সম্পর্কের কথা বলে, যা ভাঙা জীবনের এক নীরব আশ্রয়। যার কোনো সামাজিক স্বীকৃতি নেই, কিন্তু আছে গভীরতম সত্য। এখানে প্রেম, বিরহ, আলো-অন্ধকার, নীরব অপেক্ষা, বাস্তবতা, দ্বিধা ও পরিস্থিতির সংকট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
মোবারক আজাদ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকতাসহ এক দশক ধরে সাংবাদিকতায় যুক্ত। বর্তমানে তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সিনিয়র রিপোর্টার (ক্রাইম) হিসেবে কর্মরত।

