বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটে শুরু থেকেই গতির জন্য আলোচনায়। টেস্ট ক্রিকেটে তিনি ধারাবাহিক পারফরম্যান্স দেখালেও সাদা বলের ক্রিকেটে তার পারফরম্যান্স এখনও ওঠানামার মধ্যেই রয়েছে।
চলমান পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তার পারফরম্যান্সে সেই চিত্রই দেখা গেছে। সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করলেও দ্বিতীয় ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই তরুণ পেসার।
নাহিদের এমন অধারাবাহিকতার কারণ হিসেবে কিছু ঘাটতির জায়গা তুলে ধরেছেন সাবেক বাংলাদেশি পেসার তালহা জুবায়ের। তার মতে, নাহিদ মূলত গতির ওপর নির্ভর করে বোলিং করেন। পেসের পাশাপাশি যদি তিনি সুইংয়ের ওপরও নিয়ন্ত্রণ আনতে পারেন, তাহলে আরও কার্যকর বোলার হয়ে উঠবেন।
শনিবার মিরপুরে গণমাধ্যমকে তালহা বলেন, ‘নাহিদ রানা তার পেসের ওপর বেশি নির্ভর করে, সুইংয়ের ওপর নয়। তাই পেসের সঙ্গে যদি সুইংটা নিয়ে একটু কাজ করতে পারে, তাহলে আমার মনে হয় সে ব্যাটসম্যানদের জন্য আরও বিপজ্জনক বোলার হয়ে উঠবে।’
অভিজ্ঞতার গুরুত্ব নিয়েও কথা বলেন তিনি। তালহার মতে, শুধু অভিজ্ঞতা থাকলেই হবে না, সেটিকে মাঠে নিয়মিত পারফরম্যান্সের মাধ্যমে প্রমাণ করতে হবে।
তিনি বলেন,‘অভিজ্ঞতা সব সময় কাজে আসে না, যদি আপনি মাঠে ভালো নৈপুণ্য দেখাতে না পারেন। আপনার যে অভিজ্ঞতা আছে, সেটা যদি নিয়মিত মাঠে দেখাতে পারেন, তাহলে ব্যাটারদের কাছ থেকে সম্মান অর্জন করতে পারবেন। আমাদের বোলিং বিভাগকেও সেটাই করতে হবে।’
এ সময় বাংলাদেশের অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তালহা।
তিনি বলেন,‘তাসকিন আর মুস্তাফিজের অভিজ্ঞতা বিবেচনা করলে আমরা অবশ্যই এগিয়ে। তারা বেশি ম্যাচ খেলেছে এবং তাদের উইকেটও বেশি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ছাড়া আর কেউ আমার মনে হয় তাদের মতো ধারাবাহিক উইকেট নেয়নি। হারিস রউফ খেলেছে ঠিকই, কিন্তু তার উইকেট তাসকিন বা মুস্তাফিজের মতো বেশি নয়।’

