ইরানের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর এবং জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির খাতাম আল-আমবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। আজ শুক্রবার এক বিবৃতিতে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ইরানের ওপর সামান্যতম আক্রমণ চালানো হলে তার পরিণাম হবে ভয়াবহ এবং এর ফলে পুরো অঞ্চলের তেল ও গ্যাসক্ষেত্রগুলো আগুনের শিখায় পরিণত হবে।
বিবৃতিতে বলা হয়েছে, যারা ইরানের ওপর আগ্রাসন চালাবে, তাদের ঠিক সমপরিমাণ এবং বিধ্বংসী প্রতিশোধের মুখোমুখি হতে হবে। এই সতর্কবার্তাটি কেবল সরাসরি আক্রমণকারী দেশগুলোর জন্যই নয় বরং তাদের মিত্র দেশগুলোর প্রতিও সমানভাবে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
ইরান হুশিয়ারি দিয়ে বলেছে, যদি তাদের জ্বালানি খাত বা বন্দরগুলোতে কোনো আঘাত আসে, তবে ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট সমস্ত তেল-গ্যাস অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।
বিবৃতিটির শেষে বলা হয়েছে, যেকোনো উস্কানির ক্ষেত্রে ইরানের প্রতিক্রিয়া হবে চরম।
সূত্র: তাসনিম নিউজ

