মাদারীপুরের সহিংসতা: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নবনির্বাচিত এমপি

0
মাদারীপুরের সহিংসতা: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নবনির্বাচিত এমপি

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুরের লক্ষীগঞ্জ এলাকায় দুই পক্ষের সহিংসতায় দুজন নিহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) জাহান্দার আলী জাহান।

শুক্রবার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সাম্প্রতিক সংঘর্ষে নিহত আলমগীর হাওলাদারের বাড়িও পরিদর্শনে যান।

সংসদ সদস্য পরে সহিংসতায় নিহত আলমগীর হাওলাদার ও এর আগে সংঘর্ষে নিহত শ্রমিক দল নেতা শাকিল মুন্সীর কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, মাদারীপুর আদালতের জিপি অ্যাডভোকেট গোলাম মোস্তফা চিসতি, প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী ও র‍্যাব সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে জাহান্দার আলী জাহান বলেন, এই সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তিনি পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ রাতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হওয়ার পর ক্ষুব্ধ লোকজন বেশকিছু বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here