সিডনিতে একুশে মেলা, বইমেলা মূল্যায়ন সভা ও ইফতার অনুষ্ঠিত

0
সিডনিতে একুশে মেলা, বইমেলা মূল্যায়ন সভা ও ইফতার অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি সিডনির ক্যাম্পবেলটাউনে আয়োজিত একুশে মেলা ও বইমেলার সার্বিক আয়োজন পর্যালোচনার লক্ষ্যে এক মতবিনিময় সভা ও ইফতার ডিনারের আয়োজন করা হয়েছে। সিডনিভিত্তিক সামাজিক সংগঠন সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অফ ক্যাম্পবেলটাউন এই সভার আয়োজন করে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৬ টায় সিডনির জমিদার বাড়ি রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার ও ডিনারের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুন।

অনুষ্ঠানে একুশে মেলা ও বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক, স্বেচ্ছাসেবক এবং কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ নেন। সভায় এবারের আয়োজনের অভিজ্ঞতা, সফলতা এবং আগামীতে পূর্বঘোষিত ৬ ফেব্রুয়ারি ২০২৭ সালে অনুষ্ঠিতব্য একুশে মেলা সফলভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

কিশোয়ার আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে কাউন্সিলর মাসুদ চৌধুরী সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক ও স্পন্সরদের হাতে সম্মানসূচক ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। 

বক্তব্যে তিনি বলেন, সংগঠনটির উদ্যোগে ক্যাম্বেলটাউন এলাকায় একটি আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি জানান, এই স্মৃতিসৌধ নির্মাণ প্রকল্পটি এখন ফেডারেল সরকারের প্রকল্প হিসেবে কাউন্সিলের মাধ্যমে বাস্তবায়িত হবে।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ক্যাম্বেলটাউনবাসী খুব শিগগিরই এই স্মৃতিসৌধের নির্মাণ কাজ দেখতে পাবেন। পাশাপাশি তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ এই অঞ্চলে প্রাণের স্মৃতিসৌধ নির্মাণ এবং নিয়মিত একুশে মেলা আয়োজনের জন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সভায় সিডনির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কেমডেন সিটি কাউন্সিলর এলিজা আজাদ রহমান, বাংলাদেশ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়’র সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব শেখ শামিমুল হক, গামা আব্দুল কাদির, আব্দুল জলিল, ড. নিজাম উদ্দিন, ফাগুন হওয়া’র সভাপতি তিসা তানিয়া এবং বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমন প্রমুখ। 

আয়োজকদের পক্ষে সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অফ ক্যাম্পবেলটাউন এর সাধারণ সম্পাদক ও একুশে মেলার প্রধান সংগঠক কায়সার আহমেদ বলেন, এই মতবিনিময় সভার মাধ্যমে ভবিষ্যতে মাতৃভাষা সংরক্ষণ ও চর্চার বার্তা আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে মেলা ও বইমেলার আয়োজন আগামী দিনে আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here