বাঞ্ছারামপুরে অবৈধ গুড় কারখানা সিলগালা, দুজনকে জরিমানা

0
বাঞ্ছারামপুরে অবৈধ গুড় কারখানা সিলগালা, দুজনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া।

অভিযানে অবৈধভাবে গুড় উৎপাদনের দায়ে কুমিল্লার হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামের মৃত চান মিয়ার ছেলে জাকির হোসেন এবং একই গ্রামের মৃত জসিমের ছেলে মো. আনোয়ার হোসেনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে গুড় উৎপাদনের কার্যক্রম চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here