সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দূতাবাস এবং দুবাইয়ের কনস্যুলেটের কার্যালয় বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। গত সপ্তাহে এগুলো বন্ধ করা হয়।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সিনেটের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি নিশ্চিত করেছেন।
পেনি ওং বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হলো- দেশে ও বিদেশে অস্ট্রেলীয়দের নিরাপদ রাখা। তিনি আরও বলেন, ‘ইরানের’ বিপজ্জনক ও অস্থিতিশীল হামলা অস্ট্রেলীয়সহ সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে শুরু হওয়া আঞ্চলিক সংঘাত ও হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার প্রেক্ষাপটে রিপোর্ট লেখা পর্যন্ত ২৩টি বাণিজ্যিক ফ্লাইটে তিন হাজার দুই শতাধিক অস্ট্রেলীয় দেশে ফিরেছেন।
প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সময় জ্বালানি কেনা নিয়ে আতঙ্ক ছড়ানোর জন্য ন্যাশনালস পার্টির সিনেটরদের সমালোচনা করেন পেনি ওং। সূত্র: এবিসি নিউজ, দ্য গার্ডিয়ান

