সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

0
সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুই কর্মকর্তার বিদেশ সফরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাঁর পিএস ও অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম এবং কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক লিজা ফাহমিদার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

রবিবার (৮ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২-এর পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নথিপত্র অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসএস পিডি) পরিচালক লিজা ফাহমিদা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) কামরুল ইসলামসহ ৯ কর্মকর্তা ৯ থেকে ১১ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিত’ স্ট্র্যাটেজিক থিংকিং অ্যান্ড ডিসিশন মেকিং ফর সেন্ট্রাল ব্যাংক লিডার্স’ শীর্ষক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য গত ১০ ফেব্রুয়ারি অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২। কিন্তু অনুষ্ঠানের মাত্র এক দিন আগে গতকাল লিজা ফাহমিদা ও কামরুল ইসলামের নাম ৯ সদস্যের সঙ্গে প্রত্যাহার করে অর্ডার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, লিজা ফাহমিদা ও কামরুল ইসলাম সাবেক গভর্নরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। কামরুল ইসলাম বিদেশ ভ্রমণে কর্মসূচির সঙ্গে জড়িত না হলেও তাঁর নাম জোরপূর্বক অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি গভর্নরের নিয়োগ বাতিল করা হয়। একই দিন কামরুলকে তড়িঘড়ি করে প্রধান কার্যালয়ের গভর্নর শাখা থেকে সদরঘাট অফিসে বদলি করা হয়। আবার গভর্নরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে পরিচালক লিজা ফাহমিদার নামও বিদেশ ভ্রমণ থেকে প্রত্যাহার করা হয়। দলের অন্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নিতে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের পরিচালক লিজা ফাহমিদা জানান, তিনি নিয়ম অনুযায়ী সিঙ্গাপুর যাননি। তবে এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

অতিরিক্ত পরিচালক কামরুল ইসলামের ব্যক্তিগত নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাড়া দেননি। পরে খুদে বার্তা পাঠালেও জবাব দেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here