কলাপাড়ায় গৃহবধূকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

0
কলাপাড়ায় গৃহবধূকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির একাধিক সদস্যের বিরুদ্ধে। পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বামী বাদল হাওলাদার ও রুবিনার বাবার বাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের শয্যা থেকে রুবিনা আক্তার জানান, বেশ কিছুদিন ধরে তার স্বামী ও শ্বশুর শহীদ হাওলাদারসহ ভাসুর, ননদ, জা, দেবর এবং চাচা শ্বশুরের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।

তার অভিযোগ, সোমবার রাতে সেহরি খাওয়া ও নামাজের জন্য ওজু করতে ঘরের বাইরে গেলে পেছন থেকে ৪ থেকে ৫ জন তাকে মুখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে তাকে পাশের একটি খালে ফেলে চুবিয়ে হত্যাচেষ্টা করা হয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here