জেন্ডারভিত্তিক অনলাইন সহিংসতা মোকাবিলায় বরিশালে কর্মশালা

0
জেন্ডারভিত্তিক অনলাইন সহিংসতা মোকাবিলায় বরিশালে কর্মশালা

বাংলাদেশে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বরিশালে গণমাধ্যম কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বরিশালের বিএডিএস মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। এতে বরিশাল বিভাগের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সভায় বক্তারা অনলাইন সহিংসতা পর্যবেক্ষণ ও মনিটরিংয়ে বিশেষ সেল স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি কঠোর আইন ও বিধি প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।

বক্তারা সতর্ক করে বলেন, অনলাইন সহিংসতা নারীর ডিজিটাল অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে। দেশের অর্ধেক জনসংখ্যাকে অনিরাপদ রেখে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব নয়। অনলাইনে সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি উদ্যোগের, নাগরিক সমাজ, প্রযুক্তি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।

বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রযুক্তিনির্ভর সহিংসতার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ইউএনএফপিএ-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৮৯ শতাংশ নারী ও কন্যা শিশু অন্তত একবার অনলাইনে সহিংসতার শিকার হয়েছেন। ৯-১৪ বছর বয়সি কন্যা শিশুরা প্রথমবারের মতো এই ধরনের সহিংসতার শিকার হন এবং ১৮–৩০ বছর বয়সি তরুণীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন। ভুক্তভোগীদের ৭৫ শতাংশ বিষয়টি পরিবারের কাছে জানান না, বা আইনি পদক্ষেপ নেন না।

‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের কাছে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ব্যক্তিগত তথ্য বা ছবি অনুমতি ছাড়া প্রকাশ করা বা ছড়িয়ে দেওয়ার ঘটনা, যা প্রায় ৪১ শতাংশ।

এ ছাড়া ১৮ শতাংশ অভিযোগ রয়েছে ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়ে। প্রায় ১৭ শতাংশ ক্ষেত্রে ব্যক্তিগত ছবি বা তথ্য ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে অর্থ বা অন্য কিছু আদায়ের চেষ্টা, অর্থাৎ ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ৯ শতাংশ ঘটনায় অন্যের পরিচয় ব্যবহার করে ভুয়া আইডি খুলে প্রতারণা বা হয়রানি করার অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রায় ৮ শতাংশ ক্ষেত্রে সাইবার বুলিংয়ের অভিযোগ পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here