মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় বড় ধরনের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, এদিন মোট ৯টি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করা হয় যার মধ্যে ৮টি আকাশেই ধ্বংস করা হয়েছে এবং ১টি সাগরে আছড়ে পড়ে। এছাড়া ৩৫টি ড্রোনের মধ্যে ২৬টি রুখে দেওয়া সম্ভব হলেও ৯টি ড্রোন দেশটির অভ্যন্তরে আঘাত হানে।
ইরানি বাহিনীর পক্ষ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক আক্রমণগুলোতে এখন পর্যন্ত ২৬২টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ২৪১টি ধ্বংস করেছে আমিরাত। তবে এই হামলাগুলোতে এখন পর্যন্ত ৬ জন প্রাণ হারিয়েছেন এবং ১২২ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে আমিরাতি নাগরিক ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিকরা রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে মিশর, সুদান, ইথিওপিয়া ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন যাদের অনেকের আঘাতই গুরুতর নয়।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১,৪৭৫টি ড্রোন শনাক্ত করা হয়েছে যার বড় একটি অংশই আকাশপথে ধ্বংস করা হয়। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দেশটির প্রতিরক্ষা বিভাগ উচ্চ সতর্কতায় রয়েছে।
সূত্র: গালফ নিউজ

