চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

0
চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

একজন প্রসিকিউটরের বিরুদ্ধে আসামিকে জামিন করিয়ে দিতে ঘুষের অভিযোগ ফাঁস হওয়ার পর সেই ঘটনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের (২০২৪ সালের ৫ আগস্টের পর) পর থেকে এ পর্যন্ত সব বিষয় ক্ষতিয়ে দেখতে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয় বলে তিনি নিজেই বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন।

চিফ প্রসিকিউটর বলেন, আজকেই আমরা আমার নেতৃত্ব পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছি। এই কমিটিতে প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন দুই প্রসিকিউটর মর্জিনা রায়হান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন এবং সিনিয়র গবেষণা কর্মকর্তা মো. সিফাত উল্লাহ রয়েছেন। 

তিনি বলেন, আগামীকাল দুপুর সাড়ে ১২টায় আমাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা ঘুষ চাওয়ার ঘটনাসহ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে সব বিষয় ক্ষতিয়ে দেখব। প্রথম বৈঠকে আমাদের কর্মপরিকল্পনা ঠিক করা হবে।

এর আগে, সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের একজন আসামির জামিন করিয়ে দিতে কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসার পর আজ দুপুরে চিফ প্রসিকিউটর জানান, বিষয়টি তারা তদন্ত করবেন। 

ওই সময় তিনি জানান, শুধু এই বিষয় নয়, এই ট্রাইব্যুনাল পুনর্গঠন (২০২৪ সালের ৫ আগস্টের পর) হওয়ার পর সব বিষয়ে অভ্যন্তরীণ একটি কমিটি করে তদন্ত করে দেখবেন। 

তখন আমিনুল ইসলাম জানান, কোনো অনিয়ম পেলে, সেই বিষয়ে তিনি তার কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবেন। 

এরপরই সন্ধ্যায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের খবর পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here