কান সিরিজে ‌‘মাদাম ফিগারো রাইজিং স্টার’ সম্মাননা পাচ্ছেন ব্ল্যাকপিঙ্ক তারকা জিসু

0
কান সিরিজে ‌‘মাদাম ফিগারো রাইজিং স্টার’ সম্মাননা পাচ্ছেন ব্ল্যাকপিঙ্ক তারকা জিসু

বিশ্বখ্যাত দক্ষিণ কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য এবং জনপ্রিয় অভিনেত্রী জিসু আন্তর্জাতিক সিরিজ উৎসব ‘কান সিরিজ’-এ সম্মানজনক ‘মাদাম ফিগারো রাইজিং স্টার’ অ্যাওয়ার্ডে ভূষিত হতে যাচ্ছেন। আগামী ২৩ থেকে ২৮ এপ্রিল ফ্রান্সে অনুষ্ঠিতব্য এই উৎসবের উদ্বোধনী রজনীতে জিসুর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। 

বিনোদন জগতে বিশেষ প্রভাব বিস্তারকারী এবং উদীয়মান তারকাদের কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই সম্মাননা প্রদান করা হয়। জিসুর আগে সিডনি সুইনি, ডেইজি এডগার-জোনস এবং ফোবি ডাইনেভরের মতো আন্তর্জাতিক তারকারা এই পুরস্কার অর্জন করেছেন।

কান সিরিজের শৈল্পিক পরিচালক আলবিন লেউই জিসুর প্রশংসা করে জানিয়েছেন, তার অসাধারণ শৈল্পিক যাত্রা, সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচনের ক্ষমতা এবং বিশ্বব্যাপী তার বিশাল প্রভাব তাকে এই পুরস্কারের জন্য যোগ্য করে তুলেছে। ২০১৬ সালে ব্ল্যাকপিঙ্কের মাধ্যমে আত্মপ্রকাশ করার পর থেকেই জিসু বিশ্ব পপ সংস্কৃতির অন্যতম আইকনে পরিণত হয়েছেন। বর্তমানে ইনস্টাগ্রামে ৮০ মিলিয়নেরও বেশি অনুসারী নিয়ে তিনি দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃত।

সংগীতের পাশাপাশি অভিনয়ের জগতেও জিসু নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ২০২১ সালে ‘স্নোড্রপ’ সিরিজের মাধ্যমে প্রধান চরিত্রে অভিষেক হওয়ার পর তিনি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ২০২৩ সালে ‘ডক্টর চিয়ন অ্যান্ড দ্য লস্ট ট্যালিসম্যান’ ছবিতে বিশেষ উপস্থিতি এবং ২০২৫ সালে ‘অমনিসিয়েন্ট রিডার: দ্য প্রফেসি’ ও ‘নিউটোপিয়া’র মতো আলোচিত প্রজেক্টে তার কাজ দর্শকদের মুগ্ধ করেছে। 

বর্তমানে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’-এ এসও মি-রে চরিত্রে অভিনয় করে তিনি আবারও আলোচনায় এসেছেন। এর আগে সিউল ইন্টারন্যাশনাল ড্রামা অ্যাওয়ার্ডসসহ একাধিক আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন এই তারকা।

সূত্র: ভ্যারাইটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here