নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নান বলেছেন, এ দেশের মূল চালিকাশক্তি হচ্ছে যুবকরা। বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য যুবকদের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স জারি করেছেন তা বাস্তবায়নে যুবদলকে এগিয়ে আসতে হবে। মাদক নির্মূলে যুবদলকে সোচ্চার হতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় বারদী খেলার মাঠে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল ও যুবদল নেতা করিম রহমানের সার্বিক তত্ত্বাবধানে যুবদল আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মাদক কারবারি ও চাঁদাবাজদের উদ্দেশে এমপি মান্নান বলেন, এ দেশে যারা মাদক বিক্রি ও চাঁদাবাজি করে তাদের আর ছাড় দেওয়া হবে না। যেখানেই তাদের দেখবেন প্রতিহত করবেন। উত্তম-মধ্যম দিয়ে আইনের হাতে তুলে দেবেন। আইনের মাধ্যমে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনকে আরও কঠোর হতে হবে। কোনো তদবির কিংবা রেফারেন্স শুনবেন না। আপনাদের কাজ আপনারা ন্যায় ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

