দিনাজপুরের কাহারোলে সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে ৩০ ফিট গভীরে চাপা পড়েছিলেন মোহাম্মদ আজহারুল ইসলাম (৩৮) নামে এক শ্রমিক। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে তাকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার কাহারোল থানাধীন দক্ষিণ মহেশপুর থেকে ৯৯৯-এ কল পেয়ে ওই শ্রমিককে উদ্ধার করা হয় বলে জানান পুলিশ পরিদর্শক (জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার বিষয়টি গণমাধ্যমকে জানান।
পুলিশ পরিদর্শক (জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার জানান, একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে পড়ে ৩০ ফিট গভীরে দুই শ্রমিক চাপা পড়েন। এক শ্রমিককে এলাকাবাসীরা উদ্ধার করেছেন। কিন্তু আরও এক শ্রমিক এখনও গলা পর্যন্ত মাটিতে চাপা পড়ে আছেন এবং ধীরে ধীরে মাটিতে দেবে যাচ্ছেন। তারা মাটি সরানোর চেষ্টা করেছেন কিন্তু চারপাশ থেকে আরও মাটি ঝরে পড়ে আবার ভরাট হয়ে যাচ্ছে। ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মাটিতে চাপা পড়া শ্রমিক মোহাম্মদ আজহারুল ইসলামকে জীবিত উদ্ধার করে। চিকিৎসার জন্য ওই শ্রমিককে কাহারোল স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন কাহারোল ফায়ার সার্ভিসের লিডিং অফিসার রেজাউল করিম।

