জাতীয় দলের ক্রিকেটাররা এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বিশেষ ঈদ উপহার পেতে যাচ্ছেন। শুধু ক্রিকেটার নয়, তাদের স্ত্রীরা-সন্তানরাও পাচ্ছেন উপহার।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানান, ‘জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়া স্বাভাবিকভাবেই ভালো থাকে। তবে এই ধরনের ঈদ উপহার সেই সম্পর্ককে আরও উষ্ণ করে। এতে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগ আরও দৃঢ় হয়।’
গতবার প্রথমবার উপহার প্রদানের সময় শুধু ক্রিকেটারদের স্ত্রীরা সালোয়ার-কামিজ পেয়ে আনন্দিত হয়েছিলেন। এবার আর কোনো ক্রিকেটার বা পরিবারের সদস্য বাদ থাকছেন না। গিফট প্যাক যাবে গত এক বছরের মধ্যে জাতীয় দলে খেলেছেন এমন ৩০ ক্রিকেটার এবং তাদের সহধর্মিণীদের জন্য। এছাড়া জাতীয় দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং টিম বয়দের জন্যও দেওয়া হবে একই ধরনের উপহার।
এইবারের ঈদ উপহারে ক্রিকেটাররা পাচ্ছেন পাকিস্তানের একটি জনপ্রিয় ব্র্যান্ডের পাজামা-পাঞ্জাবির সেট। স্ত্রীদের জন্যও থাকবে একই ব্র্যান্ডের সালোয়ার-কামিজ।
ক্রিকেটারদের সন্তানরাও বাদ নেই। তাদের জন্য বিসিবি চকলেটের বক্স পাঠাবে।

