চকরিয়ায় নদীতে গোসলে নেমে ২ মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

0
চকরিয়ায় নদীতে গোসলে নেমে ২ মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো, মৌলভীরচর এলাকার জামাল উদ্দিনের কন্যা মাইমুনা আক্তার (১৪) এবং একই এলাকার আব্দুর রহিমের কন্যা ইশপা মুনি (১১)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৪-৫ জন বান্ধবী একসঙ্গে নদীর ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে হঠাৎ করে মাইমুনা ও ইশপা গভীর পানিতে চলে গেলে তারা ডুবে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের পানিতে ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কোথাও কোথাও গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই মো. ফরিদ হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here