ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ। বলা যায়, এটি প্রায় শেষ হয়ে গেছে।’
তিনি দাবি করেন, ইরানের এখন কার্যত কোনো নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে এবং তাদের বিমান বাহিনীও নেই। ট্রাম্পের ভাষায়, ‘তাদের ক্ষেপণাস্ত্র শক্তিও এখন বিচ্ছিন্ন হয়ে গেছে।’
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নির্ধারিত সময়ের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। যুদ্ধ শিগগির শেষ হতে পারে কী না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি মূলত তার পরিকল্পনার ওপর নির্ভর করছে। ‘যুদ্ধ শেষ করা এখন আমার চিন্তার মধ্যেই রয়েছে’ বলেন তিনি।
এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উদ্দেশে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, তার জন্য তার কোনো বার্তা নেই।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ইরানের সঙ্গে এই যুদ্ধ এক মাসেরও বেশি সময় স্থায়ী হতে পারে। বর্তমানে যুদ্ধের দশম দিন চলছে।

