বিশেষ অবদান রাখলে একই ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২৫ বছর পর পুনরায় দেওয়া যাবে স্বাধীনতা পুরস্কার

0
বিশেষ অবদান রাখলে একই ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২৫ বছর পর পুনরায় দেওয়া যাবে স্বাধীনতা পুরস্কার

অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান থাকলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবারও স্বাধীনতা পুরস্কার দেওয়া যাবে কমপক্ষে ২৫ বছর পর। স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি সংশোধন করেছে সরকার। রবিবার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় অধিশাখা থেকে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি সংশোধন করে আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলির অনুচ্ছেদ ৭.১১ নিম্নরূপভাবে সংশোধন করা হলো— ‘স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার বা অন্য কোনো জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদানের জন্য বিবেচনা করা হইবে না। তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পুরস্কার প্রাপ্তির পর অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখিলে অন্যূন ২৫ বছর পর ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা যাইবে।’ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

গত ৫ মার্চ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার ঘোষণা করা হয়। সমাজসেবা/জনকল্যাণের জন্য প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীকেও স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়। কিন্তু তিনি ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। আবারও তার নাম আসায় সমালোচনা দেখা দেয়। এরই মধ্যে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি সংশোধন করে আদেশ জারি করা হলো। স্বাধীনতা পুরস্কার প্রবর্তনের প্রথম বছরেই ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়। সেই তালিকায় জনসংখ্যা নিয়ন্ত্রণ ক্ষেত্রে অবদানের জন্য জাফরুল্লাহ চৌধুরীর নাম রয়েছে।

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয় ১৯৭৭ সাল থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here