নারায়ণগঞ্জ শহরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তার সরকারি পিস্তলটি লুট করে নিয়ে গেছে।
সোমবার সকালে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এই ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে ছিনতাইকারীরা তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।
তাসমিন আক্তার আরও বলেন, ঘটনার সময় লুৎফর রহমান পুলিশের পোশাকেই ছিলেন। ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে একাধিক টিম কাজ করছে।

