টালিউডের প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী আর নেই। সোমবার (৯ মার্চ) ভোরে রাতে ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা।
কলকাতার আর্টিস্ট ফোরামের সদস্য দেবদূত ঘোষ ভারতীয় গণমাধ্যমকে তমাল রায় চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে গৃহপরিচারিকা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে চিকিৃৎসককে খবর দেন। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত করেন, ভোররাতের দিকেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।
তমাল রায় চৌধুরী দীর্ঘদিন ধরে টলিউডে কাজ করেছেন। তিনি থিয়েটারেও সক্রিয় ছিলেন। বড় পর্দায় তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, জাতিস্মর, রামধনু, চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান। তার রঙিন অভিনয় এবং সমৃদ্ধ ক্যারিয়ার তাঁকে টলিউডের একজন অমর অভিনেতার মর্যাদা দিয়েছে।
তার মৃত্যুর সংবাদে চলচ্চিত্র ও থিয়েটার অঙ্গনে শোকের ছায়া নেমেছে। বাংলা সিনেমা, টেলিভিশন ধারাবাহিক এবং মঞ্চনাটকে দীর্ঘ সময় ধরে অভিনয় করেছেন তমাল রায় চৌধুরী। অভিনয়ের জগতে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং নানা ধরনের চরিত্রে সাবলীল অভিনয় তাকে দর্শকদের কাছে পরিচিত করে তোলে।
পর্দায় নেতিবাচক চরিত্রে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। তবে শুধু খলচরিত্রই নয়, ইতিবাচক চরিত্রেও সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি।
তবে এক সময় ধীরে ধীরে অভিনয় থেকে কিছুটা সরে দাড়ান তমাল রায়চৌধুরী। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার কারণেই কাজ কমিয়ে দিয়েছিলেন। তার বুকে পেসমেকার বসানো হয়েছিল। শুটিংয়ের কাজে দূরে যেতে হওয়ায় অনেক প্রস্তাব থাকা সত্ত্বেও কাজ নেওয়া বন্ধ করে দেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে অভিনয়ের সুযোগও আগের তুলনায় কম পাচ্ছিলেন বলে জানিয়েছিলেন তিনি।

