দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গে ‘চোকার’ শব্দটি ওতপ্রোতভাবে মিশে আছে। কিন্তু বিশ্ব মঞ্চে বারবার ফাইনালে হেরে যাওয়া নিউজিল্যান্ডকে আরও বড় ‘চোকার’ মনে করেন ডেল স্টেইন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে হারাতে না পারলে, এই তকমা কিউইদের দিতে চান প্রোটিয়া পেস বোলিং গ্রেট।
ফাইনালে রবিবার (৮ মার্চ) ভারতের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হবে ম্যাচটি। নকআউট ম্যাচে বারবার হেরে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার নামের পাশে লেগে গেছে ‘চোকার’ তকমা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সাত জয়ের পর, সেমি-ফাইনাল থেকে ছিটকে গেছে তারা। কলকাতায় গত বুধবার তাদেরকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে নিউ জিল্যান্ড।
শেষ চারের বাধা পেরিয়ে গত আসর দিয়ে প্রথমবারের মতো যেকোনো সংস্করণের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে পথ হারিয়ে শিরোপার স্বপ্ন ভাঙে তাদের। আর এবার আবার নকআউট পর্ব আসতেই মুখ থুবড়ে পড়ে প্রোটিয়ারা। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক বেশি ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি তারা।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই ফাইনালে উঠেছিল তারা। পরে শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় কিউইরা। চার বছর পরের বিশ্বকাপেও ফাইনালে খেলে তারা। কিন্তু লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মূল ম্যাচ ‘টাই’ হলে বাউন্ডারি ব্যবধানে হেরে আরেকবার শিরোপা স্বপ্ন ভাঙে দলটির। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফাইনালে খেলে নিউজিল্যান্ড। সেখানেও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় দলটি। এবার আরেকটি ফাইনালে তাদের অপেক্ষায় স্বাগতিক ভারত।
দক্ষিণ আফ্রিকান ব্যাটিং গ্রেট এবি ডি ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে আলোচনার সময় নিউজিল্যান্ডের সম্ভাবনা নিয়ে কথা বলেন স্টেইন। তিনি বলেন, সৎভাবেই বলছি। সবাই দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার’ ডাকতে পছন্দ করে, কিন্তু আমি বলতে চাই, নিউজিল্যান্ডও তো খুব বেশি বিশ্বকাপ জেতেনি। তারা আমাদের চেয়ে বেশি ফাইনাল খেলেছে। তাই নিউ জিল্যান্ডের প্রতি সম্মান রেখেই বলছি, দয়া করে এবার ট্রফিটা জেতো।
এরপরই স্টেইন বলেন, তা না হলে আমি আনুষ্ঠানিকভাবে ওই তকমা (চোকার) তোমাদের দিয়ে দেব, ওটা তোমাদেরই প্রাপ্য। আমি নিউ জিল্যান্ডকে পছন্দ করি, কিন্তু তারা ভারতকে হারাতে পারবে না। তাদের জিততে হলে ভারতকে অবিশ্বাস্য ‘চোক’ করতে হবে। আমি বলছি, এটা অসম্ভব। সত্যিই চাই তারা জিতুক।
প্রসঙ্গত, বিশ্বকাপ জিততে না পারলেও আইসিসি ট্রফি জয়ের অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে তারা।

