কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। অপহরণের পর তাকে দাউদকান্দি এলাকায় নিয়ে নগদ টাকা ও মোবাইল ব্যাংকিং থেকে অর্থ লুট করে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বৃহস্পতিবার কুমিল্লা সদর দক্ষিণ থানায় চারজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।
আবদুর রাজ্জাক সোহেল জানান, বুধবার দুপুরে জরুরি কাজে সহকর্মীর প্রাইভেটকারে করে তিনি কোটবাড়ি বিশ্বরোড এলাকায় যান। সেখানে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে তাঁর সামনে থামে। গাড়িতে থাকা একজন জানতে চান, তিনি উবার ডেকেছেন কি না। তিনি উবার ডাকেননি বললেও ওই ব্যক্তি জানান, অ্যাপে তার ছবি দেখা যাচ্ছে। বিষয়টি যাচাই করতে এগোলে গাড়িতে থাকা আরও তিনজন তাকে জোর করে গাড়ির ভেতরে তুলে নেয়। এ সময় দুর্বৃত্তরা তাকে বুকে ও মাথায় আঘাত করে।
পরে তাকে দাউদকান্দি এলাকায় নিয়ে আবিদ মার্কেটের পাশে একটি ইসলামী ব্যাংকের এটিএম বুথে নেওয়া হয়। সেখানে চার ধাপে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়। এ ছাড়া তার মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও বিকাশ অ্যাকাউন্ট থেকে ২ হাজার ৫০০ টাকা নিয়ে মোট ৯৭ হাজার ৫০০ টাকা লুট করা হয়। পরে তার মোবাইল ফোনের সিম খুলে ফোনটি ফরম্যাট করে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।
আবদুর রাজ্জাক আরও জানান, গাড়ির ভেতরে দুর্বৃত্তরা তাকে এসিডে ঝলসে দেওয়ার এবং চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞান করার হুমকি দেয়। তিনি অনুনয়–বিনয় করলে তারা তা থেকে বিরত থাকে। পরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে হুমকি দিয়ে বলে, পেছনে ফিরে তাকালে গুলি করা হবে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

