বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণার পর সাবেক পেসার মোহাম্মদ আমির দলের নির্বাচকদের কঠোর সমালোচনা করেছেন। তিনি বিশেষ করে বাবর আজম ও সাইম আইয়ুবকে বাদ দেওয়ার সিদ্ধান্তের স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ’র বিশেষ অনুষ্ঠান ‘হারনা মানা হে’-তে আমির বলেন, ‘দল নির্বাচনের ক্ষেত্রে পরিষ্কার বার্তা দেওয়া জরুরি। সাইম ও বাবরকে কি পারফরম্যান্সের কারণে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে, নাকি শুধু বিশ্রামের জন্য রাখা হয়েছে এই প্রশ্নের উত্তর আগে পাওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘যদি পারফরম্যান্সের কারণে খেলোয়াড়কে বাদ দেওয়া হয়, তবে নির্বাচকদের উচিত দলে ফেরার পথও স্পষ্ট করা। এতে খেলোয়াড়রা বুঝতে পারবেন কীভাবে আবার জাতীয় দলে জায়গা ফিরে পেতে হবে।’
আমিরের মতে, বাবর আজমের মতো অভিজ্ঞ ব্যাটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠবে। তিনি পাকিস্তানের ব্যাটিংয়ের দীর্ঘদিনের মূল ভরসা। অন্যদিকে তরুণ ব্যাটার সাইম আইয়ুবও সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের বাদ দেওয়ার পেছনের পরিকল্পনা স্পষ্ট করা জরুরি বলে মনে করেন আমির।

