বরিশালের আগৈলঝাড়ায় টিকটকের জন্য আত্মহত্যার দৃশ্য ধারন করতে গিয়ে গলায় ফাঁস লেগে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়াও বানারীপাড়া উপজেলায় মায়ের বকুনি খেয়ে ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্র। বুধবার সন্ধ্যা ও রাতে পৃথক দুই ঘটনা ঘটেছে বলে পুলিশ ও পরিবার জানিয়েছে।
মারা যাওয়া শিক্ষার্থীরা হলো- আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের হরষিত মন্ডলের ছেলে ও ভেগাই হালদার পাবলিক একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী রাজ মন্ডল জয় (১৬) ও বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কেন্দ্রীয় ঈদগা সংলগ্ন লুৎফা ভিলার ভাড়াটিয়া জাকির হোসেনের ছেলে ও বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. নাহিদ (১৬)।
আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান বলেন, বুধবার সন্ধ্যায় টিকটকের জন্য আত্মহত্যার ভিডিও করতে গিয়ে স্কুলছাত্র জয়ের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনাময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে।
পরিবার জানিয়েছে, টিকটকে জয়ের একটি আইডি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই আইডিতে নিজের তৈরি নানা ধরনের ভিডিও দেয় সে। বুধবার সন্ধ্যায় তার নিজের বসতঘরের দ্বিতীয় তলায় টিকটকরের জন্য আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গলায় ওড়নায় ফাঁস লেগে যায়। দীর্ঘক্ষনেও সে নিচে না এলে ছোট বোন নুপু মন্ডল খোঁজ নিতে গিয়ে ভাইকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পেয়েছে। পরে জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। জয়ের মা সেবিকা স্মৃতি মন্ডল সরকারের কাছেম টিকটিক বন্ধের দাবি জানিয়েছে।
অপরদিকে পাশের বাসার জানালায় ধাক্কা দেয়ায় নাহিদের মা বকা দেয়। এতে রাগে ও ক্ষোভে বুধবার রাত ১০ টার দিকে নিজে বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাদিম।
বানারীপাড়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের বিনা ময়না তদন্তে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

