গাজীপুরের শ্রীপুর উপজেলা এবং পৌরসভা এলাকায় ৮টি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। পাঁচটি প্রকল্পের আওতায় এসব উন্নয়ন কাজের সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৭০৮ টাকা।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী গাজীপুর-৩ সংসদীয় আসনের এমপি অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু এসব উন্নয়ন আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন।
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, উপজেলা এবং পৌরসভা এলাকায় ৮টি উন্নয়ন প্রকল্পের আওতায় সর্বমোট ১৭ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৭০৮ টাকা কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে আরও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে। এসব নতুন সড়ক নির্মিত হলে পৌরসভা এবং উপজেলাবাসীর দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘব হবে।
সড়ক সংস্কারের উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী কাজে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, শ্রীপুর পৌরসভার প্রধান প্রকৌশলী শাহেদ আকতার, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সাবেক সভাপতি শাহজাহান ফকির, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নান, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শাজাহান মোড়লসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।

