নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইফতারে প্রাণের স্পন্দন

0
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইফতারে প্রাণের স্পন্দন

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইফতারে ছিল প্রাণের স্পন্দন। নারায়ণগঞ্জের নির্বাচিত তিন সংসদ সদস্য, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে বাদ যায়নি কোনো সেক্টরের কর্তা ব্যক্তি কিংবা প্রতিনিধি। পুরো নারায়ণগঞ্জ ছিল যেন এক ছাদের নিচে।

বৃহস্পতিবার (৫ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশন হলে আয়োজন করা হয় ইফতারের। আগে থেকেই সেখানে উপস্থিত হন চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। তিনি একই সঙ্গে নারায়ণগঞ্জ-১ আসনের এমপি। তবে সভাপতির চেয়ারে এক মুহূর্ত বসে থাকেননি তিনি, বরং শুরু থেকে সকল আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন একে একে। চেয়ারে বসার পর সেখানে ছুটে যান, কুশল বিনিময় করেন, খোঁজ-খবর নেন।

একজন এমপি ও চেম্বারের সভাপতির এ আচরণে পুরো ইফতারে এক ভিন্ন আবহ তৈরি হয়। কেউ বা এসে কোলাকুলি করেন, কেউ মোবাইলে স্মৃতিস্বরূপ সেলফি তোলেন।
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিনের উপস্থিতি পুরো ইফতারের সৌন্দর্য বাড়িয়ে দেয়। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। হাজির হন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, মহানগরের সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমদ, মহানগর আমীর আব্দুল জব্বার, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন উপস্থিত ছিলেন। ব্যবসায়ী কাজী মনিরুজ্জামানের উপস্থিতি অনেককেই অবাক করে। তাকে বরণ করে নেন দিপু ভূইয়া সহ অন্যরা। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে ইফতার ছিল এক প্রাণের স্পন্দন।

মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ শুধু ব্যবসায়ীদের জন্য নয়, আমরা নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করার চেষ্টা করি। বিগত বেশ কিছু সময় ধরে আমরা প্রত্যেক ব্যবসায়ী একত্রে মিলে বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করছি। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে মিলে কাজ করছি। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারে সেই প্রচেষ্টা থাকবে। সেই সঙ্গে এই চেম্বারকে যেন সারা বাংলাদেশে ঐতিহ্যবাহী সংগঠনে পরিণত করতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here