এক দম্পতির সন্তানধারণের গল্প নিয়ে রোজার ঈদের জন্য বানানো হয়েছে নাটক ‘হ্যাপি ডিভোর্স’।
একগুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে নাটকটি নির্মাণ করেছেন তপু খান। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ। নির্মাতা তপু জানিয়েছেন, সম্প্রতি শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণ। ঈদ উপলক্ষে ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘হ্যাপি ডিভোর্স’।
নাটকটি নিয়ে জোভান বলেন, নাটকে আমি ও পায়েল স্বামী-স্ত্রী। মূলত আমাদের সন্তান নেওয়াকে ঘিরেই গল্প। নানা রকম হাস্যরসের মধ্য দিয়ে বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে। গল্পটা খুব সুন্দর। সবাই মিলে চেষ্টা করেছি একটি ভালো কাজ উপহার দেওয়ার। সবার ভালো লাগলে আমাদের চেষ্টা সফল হবে।
ঈদের নাটক হিসেবে ‘হ্যাপি ডিভোর্স’ দর্শকের জন্য উপভোগ্য হবে বলে মনে করেন কেয়া পায়েল। তিনি বলেন, গল্পের ভাবনাটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। এই নাটকে বেশ কয়েকজন সিনিয়র শিল্পীর সঙ্গে কাজ করলাম। দারুণ অভিজ্ঞতা হলো। তাদের অভিনয় মুগ্ধ করবে দর্শকদের।
অভিনেত্রী রোজী সিদ্দিকী বলেন, সব মিলিয়ে মনে হয়েছে তপু বেশ যত্ন নিয়েই নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। সবাই যথেষ্ট শ্রম দিয়েছে কাজটি যেন ভালো হয়। আশাবাদী আমি।

