ময়মনসিংহ নগরীতে এক কলেজ শিক্ষার্থীর অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় ১২ ঘণ্টা দরজা বন্ধ থাকায় সাড়া না পেয়ে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। পরে জানা যায়, তিনি সুস্থ আছেন।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম সোহান (১৯)। তিনি নগরীর একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। নগরীর সানকিপাড়া হেলথ অফিসার গলির একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন তিনি।
ঘটনাটি ঘটে সোমবার দুপুরের দিকে। সহপাঠীরা জানান, ভোররাতে ঘুমাতে যাওয়ার পর সোহান ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন। পরে সকালে তারা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। বিষয়টি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা মেসের সামনে ভিড় করেন। একপর্যায়ে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সোহানকে জাগিয়ে তোলেন। দীর্ঘ সময় ঘুমিয়ে থাকলেও তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন।
এদিকে মঙ্গলবার দুপুরে একটি ফেসবুক পেজ থেকে ঘটনাটির ভিডিও প্রকাশ করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, ‘সোহান সারারাত জেগে থাকার পর ভোরে ঘুমিয়ে পড়েন। গভীর ঘুমের কারণে বাইরে থেকে ডাকার শব্দ তিনি শুনতে পাননি। পরিস্থিতি বিবেচনায় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশনস) মো. আজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে কোনো অসুস্থতা পাওয়া যায়নি। বর্তমানে শিক্ষার্থী সুস্থ আছেন।’

