চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জয়পুরহাট পৌরসভার শ্রমিক-কর্মচারীরা।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শাখার শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহসভাপতি সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যরা।
শ্রমিক নেতারা বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের দিন আড়াই শতাধিক শ্রমিক-কর্মচারীর হাজিরা বেতন পরিশোধ করা হয়নি। ওই দিনের বেতন পরিশোধের পাশাপাশি বর্তমান ৩৭৫ টাকা হাজিরা বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণ করতে হবে। এ ছাড়া কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তাঁর পরিবারকে নগদ আর্থিক সহায়তা এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানান তারা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসেম বলেন, শ্রমিক-কর্মচারীদের মানববন্ধনের বিষয়টি তিনি অবগত আছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তিনি বলেন, ১২ তারিখ সরকারি ছুটি থাকায় সেদিন কোনো কাজ নেওয়া হয়নি। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো স্মারকলিপি পাওয়া যায়নি বলেও জানান তিনি।

