চট্টগ্রাম-২ আসনের বেসরকারিভাবে নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই এলাকার দুর্ভোগের কথা এবং আগামীর সম্ভাবনার চিত্র উঠে আসবে। সোমবার ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা ও ইফতার মাহফিল’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়ি একটি সম্ভাবনাময় জনপদ। আমাকে ফটিকছড়ির মানুষ প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, আমি ফটিকছড়িবাসীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো ইনশাআল্লাহ। আমি আশা করবো আমার পথচলায় আপনারা সাংবাদিক সমাজ আমার পাশে থাকবেন। আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদূর্ভোগের কথা আর সম্ভাবনার চিত্র।
প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক, যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন ও সহসম্পাদক সাইফুর রহমান সোহানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী সার্কেলের এএসপি কাজী তারেক আজিজ, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, শিল্পপতি রাকিবুল আলম চৌধুরী, হালদা গবেষক প্রফেসর ড. ম›জুরুল কিবরিয়া, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন, ওসি তদন্ত রফিকুল ইসলাম, নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন, ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমু, সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান শহিদুল আজম, জাহাঙ্গীর আলম চৌধুরী, সরোয়ার হোসেন মেম্বার, বোরহান উদ্দিন মেম্বার, দিদারুল আলম, ডা. শহিদুল্লাহ, ডা. জয়নাল আবেদীন মুহুরীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের চেয়ারম্যান, ব্যবস্থাপক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

