পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে আজ সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক; সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ অংশগ্রহণ করেন। এ সময় বিওএ’র সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং দেশের ক্রীড়া অঙ্গনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও উল্লেখ করেন যে, দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে বিওএ ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। পরে ক্রীড়া প্রতিমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সরকারের আন্তরিকতা এবং পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন।
উক্ত ইফতার মাহফিলে বিওএ’র কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশন সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিবর্গসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

