দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, খুব শিগগিরই দিনাজপুরকে মাদকমুক্ত করতে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে। বড়মাঠ অবমুক্ত করে দিনাজপুরকে খেলাবান্ধব জেলা হিসেবে গড়ে তোলা হবে।
সোমবার (২ মার্চ) বিকেলে খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর খেলোয়াড় কল্যাণ সমিতির আহ্বায়ক আবু তাহের আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কৃতি খেলোয়াড় মাহবুবুর রহমান, মিনহাজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মোহন পাটোয়ারী, নুর আলম খোকন, কাজী মাহাবুব হোসেন লিঠুসহ অনেকে।

