লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

0
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫৫) ও রাকিব হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার দুপুরে সদর ও রায়পুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সদর উপজেলার শাকচর ইউনিয়নের আবুলের গোজা এলাকায় লক্ষ্মীপুর–মজুচৌধুরীরহাট সড়কে একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী রাকিব নিহত হন। তিনি শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লক্ষ্মীপুর থেকে মজুচৌধুরীরহাটগামী একটি বাসের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন রাকিব। ঘটনাস্থলে বাসটি সাইড নিতে গেলে মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্যদিকে রায়পুর–লক্ষ্মীপুর সড়কের রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সিএনজিচালিত অটোরিকশার চাপায় আনোয়ার হোসেন নিহত হন। তিনি রায়পুর উপজেলার চরপাতা এলাকার বাসিন্দা ও পেশায় টিউবওয়েল মিস্ত্রি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আনোয়ার বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here