ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে তোলার পর প্রশংসায় ভাসছেন সাঞ্জু স্যামসন। ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি মনে করেন, সাদা বলের দুই সংস্করণেই জাতীয় দলে নিয়মিত জায়গা পাওয়া উচিত এই কিপার-ব্যাটসম্যানের।
কলকাতায় কোয়ার্টার-ফাইনালে রূপ নেওয়া ম্যাচে ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ঝলমলে ইনিংস খেলেন স্যামসন। ১৯৬ রানের লক্ষ্য তাড়ায় পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে দলকে জয় এনে দেন তিনি। বিশ্বকাপজুড়ে একাদশে আসা-যাওয়ার মধ্যে থাকলেও এই ইনিংসেই সমালোচকদের জবাব দিয়েছেন ৩১ বছর বয়সী এই ওপেনার।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলি ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সে অসাধারণ খেলোয়াড়। সাদা বলে ভারতের হয়ে নিয়মিত খেলা উচিত ওর। সবাই জানে, সে মাঠে নামলে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। তবে এবার পরিস্থিতি বুঝে খেলেছে, যা খুব গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতা এবং ইশান কিষানের ভালো ফর্মের কারণে একাদশে জায়গা হারান স্যামসন। সংবাদমাধ্যমে তার দলে জায়গা পাওয়া নিয়ে সমালোচনাও হয়। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ৯৭ রানের ইনিংস খেলে তিনি সেই সমালোচনার জবাব দিয়েছেন বলে মনে করেন সৌরভ।
২০১৫ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও দীর্ঘ সময় দলে অনিয়মিত ছিলেন স্যামসন। এখন পর্যন্ত ভারতের হয়ে ১৬টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

