মাদারীপুরের শিবচরে লাইসেন্সবিহীন ও অনিয়মে পরিচালিত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৭টি ক্লিনিক সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ৫টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিবচর পৌরসভার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা মাহজাবিন।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি ক্লিনিকের লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া পরিবেশ অস্বাস্থ্যকর থাকা, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগে ৭টি ক্লিনিক সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ৫টি ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবায় অনিয়ম বরদাস্ত করা হবে না।

