পাকিস্তান বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা

0
পাকিস্তান বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা

তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাবে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এতে স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি ক্রিকেটেও এর প্রভাব পড়েছে। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে এই সিরিজের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তানের। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১১, ১৩ এবং ১৫ মার্চ হওয়ার কথা ম্যাচগুলো। অনিশ্চয়তার মধ্যে সিরিজটি আলোর মুখ এখন না-ও দেখতে পারে।

সূত্রের বরাত দিয়ে জিও সুপার বলছে, ভ্রমণ ঝুঁকি, নিরাপত্তা উদ্বেগ যদি না বাড়ে তবে পাকিস্তান অবশ্যই সফর করবে।

এদিকে বিশ্বকাপের ব্যর্থতার পর আসন্ন সিরিজে দল নিয়ে চলতি সপ্তাহে বসার কথা পাকিস্তান ম্যানেজমেন্টের। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিচ্ছে তারা। আগামী বছর সাদা বলের লঙ্গার ভার্সনের বিশ্বকাপ হবে জিম্বাবুয়ে, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকায়। 

সূত্র জানায়, ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে সফর দিয়েই ব্যাপক পরিবর্তন আনতে চায় পাকিস্তান। বাবর আজম, মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুবদের মতো প্রথম পছন্দের ক্রিকেটাররা বাদ পড়তে পারেন। তাদের জায়গায় তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে পাকিস্তানের নির্বাচক প্যানেল। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা আরও ৫-৬ জন ক্রিকেটার বাদ পড়তে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

বাংলাদেশে আসার আগে সর্বশেষ গত নভেম্বরে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সেবার ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেয় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে হওয়া তিন ম্যাচেই জয়লাভ করে পাকিস্তান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here