সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলার পর বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেছে। সোমবার এশিয়ার জ্বালানি বাজার খোলার শুরুতেই দেখা গেছে, ব্রেন্ট ক্রুড এবং নিম্যাক্স লাইট সুইট ওয়েল দুইটির দামই ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
বাড়ার পরে কিছুটা কমলেও দাম উর্ধ্বমুখী রয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭৯ দশমিক ৩০ ডলার, যা প্রায় নয় শতাংশ বেশি। অন্যদিকে, নিমেক্স লাইট সুইট অয়েলের দাম প্রায় ৭২ দশমিক ৭০ ডলার, যা প্রায় আট দশমিক পাঁচ শতাংশ বেড়েছে।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার প্রভাব মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে গেছে, আর শেয়ারবাজারে নেমেছে পতন।
সোমবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে ১৩ শতাংশ পর্যন্ত লাফিয়ে ওঠে। পরে তা কিছুটা স্থিতিশীল হয়। টোকিও সময় দুপুর নাগাদ আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ৫ শতাংশ বেশি।
এছাড়া এশিয়ার শেয়ারবাজার দিন শুরু করেছে নিম্নমুখী অবস্থায়। হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ২ শতাংশ এবং জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমে যায়।
যুক্তরাষ্ট্রে নিয়মিত লেনদেন সময়ের বাইরে কেনাবেচা হওয়া স্টক ফিউচারেও বড় ধরনের পতন দেখা গেছে। আর এটি ওয়াল স্ট্রিটে অস্থির এক দিনের ইঙ্গিত দিচ্ছে। প্রধান সূচক এসঅ্যান্ডপি ৫০০ ও প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিটের ফিউচার— উভয়ই প্রায় ০ দশমিক ৭ শতাংশ নিচে নেমে গেছে।

