কলকাতার উত্তেজনাপূর্ণ অলিখিত কোয়ার্টার-ফাইনালে ব্যাটে ঝড় তুলল ওয়েস্ট ইন্ডিজ। বরুণ চক্রবর্তীর বল ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকান শিমরন হেটমায়ার। ওভার বাউন্ডারি মেরে তিনি শুধু দর্শকদেরই উচ্ছ্বসিত করেননি, গড়েছেন দারুণ এক ছক্কার রেকর্ডও। তার আগ্রাসী ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
হেটমায়ার ফিরে যাওয়ার পর দায়িত্ব তুলে নেন রভম্যান পাওয়েল। তিনিও ছক্কার বন্যা বইয়ে আরেকটি রেকর্ড নিজের নামে লেখান। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এই ম্যাচে দুইজনের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ওভারে ১৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা। এতে বড় অবদান ছক্কার রেকর্ড গড়া হেটমায়ার ও পাওয়েলের।
তিন নম্বরে নেমে ১ চার ও ২ ছক্কায় ১২ বলে ২৭ রানের ইনিংস খেলেন হেটমায়ার। বরুনের আগে হার্দিক পান্ডিয়ার বলে ছক্কা মারেন তিনি। এর সৌজন্যে এক বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিক এখন বাঁহাতি এই ব্যাটার।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত হেটমায়ারের ছক্কা ১৯টি। তিনি ভেঙেছেন সাহিবজাদা ফারহানের রেকর্ড। এক দিন আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া পাকিস্তানি ওপেনার এই বিশ্বকাপে মেরেছেন ১৮টি ছক্কা।
আর এবারের বিশ্বকাপের আগে এক টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল নিকোলাস পুরানের। ২০২৪ সালের আসরে ১৭টি ছক্কা মেরেছিলেন ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটার। এছাড়া ১৬টি করে ছক্কা আছে ক্রিস গেইল (২০১২) ও রহমানউল্লাহ গুরবাজের (২০২৪)।
হেটমায়ার ফেরার পর পাঁচ নম্বরে নেমে ৩ চার ও ২ ছক্কায় ১৯ বলে ৩৪ রান করেন পাওয়েল। এই দুই ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক হন অভিজ্ঞ এই ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে এখন পর্যন্ত ১৫০টি ছক্কা মেরেছে পাওয়েল। এত দিন ১৪৯ ছক্কা নিয়ে রেকর্ডটি ছিল পুরানের, ১৪৯টি। এছাড়া সব মিলিয়ে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ মেরেছে ৭৬টি ছক্কা। বিশ্বকাপের এক আসরে যা বিশ্ব রেকর্ড। সব মিলিয়ে এক সিরিজে সর্বোচ্চ ছক্কার রেকর্ড বুলগেরিয়ার, ৭৮টি (২০২৫ সালে এক ত্রিদেশীয় সিরিজে)।

